সংবাদদাতা: রাবেল আসলাম (পাকিস্তান)

পাকিস্তানের ইসলামাবাদ-রাওয়ালপিন্ডি ধর্মপ্রদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খ্রিস্টিয় গঠন ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিষ্ঠা, জ্ঞানার্জন এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য ধর্মপ্রদেশীয় ক্যাটেকিটিক্যাল সেন্টার কর্তৃক ১৫তম ডিপ্লোমা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্কুল অধ্যক্ষ, অভিভাবক, যাজক এবং ধর্মপ্রদেশের শিক্ষা বোর্ডের অধীনস্থ স্কুলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিপ্লোমা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্চবিশপ ড. জোসেফ আরশাদ। আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ হিসেবে অংশগ্রহণকারী স্কুলগুলোর ছাত্রছাত্রীরা আর্চবিশপ ড. জোসেফ আরশাদকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং স্বাগত জানানোর প্রতীক হিসেবে আর্চবিশপ এবং অনুষ্ঠানে সমবেত যাজকদের ফুলের তোড়া প্রদান করা হয়।

আর্চবিশপ তাঁর বক্তব্যে শিশু ও তরুণদের খ্রিস্টিয় শিক্ষা প্রদানের গুরুত্বের উপর জোর দেন। তিনি খ্রিস্টবিশ্বাসীদের শিক্ষার্থীদের যথাযথ ধর্মীয়, মাণ্ডলিক শিক্ষা ও খ্রিস্টমণ্ডলীর ইতিহাস জানার মাধ্যমে খ্রিস্টের সাথে এক জীবন্ত সম্পর্ক গড়ে তোলার কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, খ্রিস্টিয় শিক্ষা কেবল শ্রেণীকক্ষের পাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বিবেক গঠন, বিশ্বাস লালন এবং তরুণদের দায়িত্বশীল ও সেবামূলক জীবনের দিকে পরিচালিত করার একটি প্রক্রিয়া।

আর্চবিশপ পিতামাতা ও অভিভাবকদেরও সন্তানদের খ্রিস্টিয় শিক্ষার তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি পিতামাতাদের উৎসাহিত করেন যাতে সন্তানরা পড়াশোনায় সক্রিয় থাকে, বাড়িতে খ্রিস্টিয় মূল্যবোধ চর্চায় সাহায্য করেন এবং তারা যেন তাদের বিশ্বাস ও ঐতিহ্যের সাথে সংযুক্ত থাকেন।

অনুষ্ঠানে ৪৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রচেষ্টা এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের শিল্ড, পদক এবং ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয়। শিশুদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আর্চবিশপ ড. জোসেফ আরশাদ শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনাকে গুরুত্ব সহকারে নিতে উৎসাহিত করেন। তিনি তাদেরকে উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে, নিষ্ঠার সাথে কাজ করতে এবং ভবিষ্যতে বৃহত্তর দায়িত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সমাজের সেবা করার মতো বিভিন্ন ক্ষেত্র, যেমন—সিভিল সার্ভিস, সরকার এবং বিচার বিভাগের উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার বিষয়ে উৎসাহিত করেন।

Please follow and like us: