বরেন্দ্রদূত সংবাদদাতা

প্রার্থনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী ধর্মপ্রদেশে দুইজন ডিকনের যাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রাজশাহীর বাগানপাড়া কাথিড্রাল গির্জায় আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে যাজক হিসেবে অভিষিক্ত হন ডিকন হ্রদয় মাইকেল পিউরীফিকেশন ও ডিকন মিঠুন সামুয়েল গমেজ। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও অভিষেক অনুষ্ঠানে প্রধান অভিষেককারী হিসেবে দায়িত্ব পালন করেন। অভিষেক খ্রিস্টযাগে জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজও উপস্থিত ছিলেন।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ধর্মপ্রদেশের যাজক, ব্রাদার-সিস্টার, বিভিন্ন ধর্মপল্লীর খ্রিস্টভক্ত, অভিষিক্তদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রার্থনা, ধর্মীয় সংগীত এবং অভিষেকের পবিত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

বিশপ জের্ভাস রোজারিও তাঁর উপদেশে যাজকত্বের প্রকৃত তাৎপর্য ও দায়িত্ব তুলে ধরে বলেন, যাজকত্ব কোনো ক্ষমতা, পদমর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মান অর্জনের বিষয় নয়; বরং এটি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার মহান ব্রত। যিশু খ্রিস্টের জীবন ও আদর্শ অনুসরণ করে একজন যাজককে ভালোবাসা, বিনয়, ত্যাগ, ক্ষমা ও সেবার মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে।

বিশপ আরও বলেন, একজন যাজক হলেন ঈশ্বরের জনগণের রাখাল। তাঁকে মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে এবং বিশেষভাবে দরিদ্র, অসহায়, অবহেলিত ও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে। যাজকের জীবন যেন তাঁর প্রচারিত সুসমাচারের জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে। মানুষ যেন তাঁর কথা ও কাজের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের ভালোবাসা অনুভব করতে পারে।

অভিষেক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে অভিষেকপ্রার্থীদের জন্য বিশেষ প্রার্থনা, সাধু-সাধ্বীদের লিতানি, বিশপের হাত রেখে প্রার্থনা, যাজকীয় পোশাক পরিধান এবং অভিষেকের পবিত্র তেল প্রয়োগের মধ্য দিয়ে তাঁদের যাজকীয় দায়িত্বে প্রতিষ্ঠিত করা হয়। উপস্থিত যাজকগণ নবাভিষিক্তদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

খ্রিস্টযাগের পর নবাভিষিক্ত যাজকদ্বয়কে সংবর্ধনা জানানো হয়। নবাভিষিক্ত যাজকদ্বয় তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকে আমাদের জন্য আনন্দ ও ঈশ্বরের আশীর্বাদ লাভের দিন। ঈশ্বরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁর অসীম উদারতার জন্য। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন প্রতিদিন যাজকীয় যজ্ঞ নিবেদনের মধ্য দিয়ে ভালো যাজক হয়ে উঠতে পারি।

দুই নতুন যাজকের অভিষেক রাজশাহী ধর্মপ্রদেশের জন্য এক বিশেষ আনন্দ ও আশীর্বাদের উপলক্ষ। তাঁদের যাজকীয় জীবনের মধ্য দিয়ে খ্রিস্টের সুসমাচার প্রচার, মণ্ডলীর ঐক্য প্রতিষ্ঠা এবং মানবসেবার কাজ আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত খ্রিস্টভক্তরা।

 

Please follow and like us: