বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রাল ধর্মপল্লীর মাঠে কাথিড্রাল যুবকদের উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খ্রিস্টান ক্রিকেট টুর্নামেন্ট। ১৮ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী শহরের আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক জ্যোতি মুর্মু এবং কমিটির অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বক্তব্যে ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, খেলাধুলা আমাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব গঠন, দায়িত্ববোধ এবং ন্যায়নিষ্ঠ হতে সহায়তা করে। কাথিড্রাল ধর্মপল্লীর যুবকরা খ্রিস্টান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকজন যুবক খ্রিস্টিয় নেতৃত্বে নিজেদের গঠন করবে।
উল্লেখ যে, ক্রিকেট টুর্নামেন্টটি লীগ পর্যায়ে অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ ফাইনালে মিশন চ্যালেঞ্জার্স দল বিজয়ী ও সন্তোষপুর ইয়াং কিংস রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টের আহ্বায়ক জ্যোতি মুর্মু বলেন, যুবকদের একত্রিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো খেলাধুলার আয়োজন করা। বর্তমানে যুবকরা নেশার দিকে ধাপিত হয়ে নিজেদের জীবন নষ্ট করছে। আমাদের এই খ্রিস্টান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্য হচ্ছে- যুবকদের একত্রিত করা।




