সংবাদদাতা: লর্ড দানিয়েল রোজারিও

রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রাল ধর্মপল্লী ও সাধু পিতরের সেমিনারী, মুশরইলে অনুষ্ঠিত হলো ‘লাউদাতো সি’ সপ্তাহের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। ১৭ মে রবিবার সকালে পবিত্র খ্রিস্টযাগ ও প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী, কাথিড্রাল ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য-সদস্যাগণ, বিভিন্ন সম্প্রাদয়ের ১৫ জন সিস্টার, ১১ জন সেমিনারীয়ান ও ৩০০ শতাধিক খ্রিস্টভক্ত।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী। উপদেশে তিনি বলেন, আজ আমরা প্রভু যিশুর স্বর্গারোহণ মহাপর্ব উদযাপন করছি। যিশুর স্বর্গারোহণের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগের নতুন মাত্রা তৈরি হয়েছে। পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০১৫ সালে ‘লাউদাতো সি’ নামক একটি পত্র লিখেছিলেন যার উদ্দেশ্য ছিল সৃষ্টির যত্ন করা। সেই পত্রের পুনর্পাঠ ও চেনা পুনর্জাগরণের লক্ষ্যে আমাদের বর্তমান পোপ চর্তুদশ লিও ১৭ থেকে ২৪ মে ‘লাউদাতো সি’ সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন। আমাদের সৃষ্টির যত্ন নিতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

খ্রিস্টযাগের শেষে সবাই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং পরস্পর পরস্পরের সাথে গাছ লাগানোর উপকারিতা নিয়ে ব্যক্তিগত আলোচনা করেন।

Please follow and like us: