সংবাদদাতা: প্রণয় কিস্কু

বিজ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল জয়পুরহাটের ডন বস্কো স্কুলপ্রাঙ্গণ। ২০ জুন বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞানমেলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পরিচালক ফাদার জোস পামপাদিল মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ফাদার লরেন্স বিশ্বাস।

উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট পরিদর্শন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপনার প্রশংসা করেন। বিজ্ঞানমেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ৪৫টি ব্যতিক্রমধর্মী প্রজেক্ট প্রদর্শন করে। প্রজেক্টগুলোতে পরিবেশ রক্ষা, সৌরশক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তি, স্মার্ট সিটি, স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন, রোবোটিকস এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও সৃজনশীল ব্যাখ্যা দর্শনার্থীদের মুগ্ধ করে। মেলার প্রতিটি স্টলে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও নতুন কিছু আবিষ্কারের আনন্দ। হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক নানা পরীক্ষণ, প্রযুক্তিনির্ভর মডেল এবং বাস্তবধর্মী উপস্থাপনা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

উদ্বোধনী বক্তব্যে পরিচালক ফাদার জোস পামপাদিল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক। বিজ্ঞানচর্চার মাধ্যমে তাদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীলতা ও মানবকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে উঠবে। অধ্যক্ষ ফাদার লরেন্স বিশ্বাস শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us: