সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন

“যীশুর আহ্বান – তুমি আমার সঙ্গে চল” মূলসুরকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার মথুরাপুর ধর্মপল্লীতে আহ্বান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারি-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ২৯ মে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনার‌ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে – যুবক যুবতীরা যেন তাদের জীবনের আহ্বান আবিষ্কার করে। সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার সকল ধর্মপল্লী থেকে ফাদার-ব্রাদার ও সিস্টারসহ ১৯০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে ৷

সেমিনারে বিভিন্ন সম্প্রদায়ের ফাদার, ডিকন, ব্রাদার‌ ও সিস্টারগণ উপস্থিত ছিলেন। ফাদার আলবার্ট ক্রুশ মূলসুরের উপর আলোচনা করেন। তিনি বলেন, যিশু তাঁর শিষ্যদের আহ্বান করে বলেন, ‘তুমি আমার সঙ্গে চলো’। যিশুকে অনুসরণ করার জন্য প্রয়োজন – গভীর ধ্যান, প্রার্থনা, ত্যাগস্বীকার, নিজেকে রিক্ত করা এবং হ্যাঁ বলা।

‘যীশুর আহ্বান আবিষ্কারের উপায়’ – এর উপর আলোচনা করেন সিস্টার শিবলি পিউরীফিকেশন। এরপর ফাদার-ব্রাদার ও সিস্টারগণ তাদের সম্প্রদায়ের ক্যারিজমসহ পরিচিতি তুলে ধরেন। পরিশেষে মূল্যায়ন ও দুপুরের আহারের পর সেমিনার সমাপ্ত হয়।

 

Please follow and like us: