সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস
সাধু যোসেফ ধর্মপল্লী, রহনপুরে পালিত হয়েছে আহ্বান দিবস ও যুব সেমিনার। ২৮ থেকে ২৯ মে বিভিন্ন গ্রাম থেকে ১১২ জন ছেলেমেয়ে এ আহ্বান দিবস ও যুব সেমিনারে অংশগ্রহণ করে। সেমিনারের মূল মূলভাব ছিল ‘‘তখন তারা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন এবং সেইদিন তারা তাঁর সঙ্গেই থাকলেন (যোহন ১: ৩৯)।”
পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এ যুব সেমিনার ও আহ্বান দিবস শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সাগর জেমস তপ্ন। তিনি উপদেশে যুবাদের উদ্দেশ্যে বলেন, যুবারাই হচ্ছে মণ্ডলী ও সমাজের প্রাণ। তারা চাইলেই অনেক কিছু করতে পারে। তবে যুবাদের চিন্তা-ভাবনাকে আরো সৃজনশীল করে তুলতে হবে। সেমিনারের মূলভাবের আলোকেও আলোচনা করেন ফাদার সাগর তপ্ন।
এছাড়া সিস্টার আরতি হালদার জীবনাহ্বান সম্পর্কে সহভাগিতা করতে গিয়ে নিজ জীবনের আহ্বান সমন্ধে কথা বলেন। এরপর দুইজন যুবক-যুবতী তাদের জীবন বিষয়ে সহভাগিতা করে। তাদের সহভাগিতায় উঠে আসে যে, জীবনকে সঠিকভাবে জানতে হলে পরিশ্রম ও কষ্টস্বীকার করতে হবে। জীবনে যদি কষ্ট বা পরিশ্রম করতে পারলে জীবনের আসল স্বাদ পাওয়া যাবে।
পরিশেষে পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা যুবাদের জীবন কেমন হওয়া উচিত, সমাজ ও মণ্ডলীর সাথে কেমন সম্পর্ক রাখতে হবে সে বিষয়ে কথা বলেন।




