সংবাদদাতা: ফাদার সাগর জেমস্ তপ্ন

সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত নবনবি গ্রামে মহান সাধু আন্তনীর পর্ব ও শিশুমঙ্গল দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন পর্বীয় খ্রিস্টযাগ এবং শিশুমঙ্গল দিবসে পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ এবং ফাদার সাগর জেমস্ তপ্নসহ চারশত এর অধিক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

সাঁন্তালী দারাম, পা ধোয়া ও ফুল প্রদানের মধ্য দিয়ে যাজকগণ ও অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ফাদার প্রদীপ যোসেফ কস্তা এবং উপদেশ প্রদান করেন ফাদার শ্যামল জেমস্ গমেজ। উপদেশে তিনি বলেন, খ্রিস্টভক্ত হিসেবে আমরা যেন মহান সাধু আন্তনীর গুণাবলী অনুসরণ করি। আমরা যেন সাধু আন্তনীর মতো নম্র হতে পারি এবং তাঁর মতো অন্যের সাথে খ্রিস্টের প্রতি বিশ্বাসের সহভাগিতা করি।

খ্রিস্টযাগের পর শিশুদের অংশগ্রহণে শিশুমঙ্গল দিবস ও প্রার্থনা এবং বাইবেল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত শিশুমঙ্গল দিবসে ফাদার শ্যামল জেমস্ গমেজ শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা শিশু, ভালবাসেন যিশু। তাই ভাল শিশু হয়ে তোমরাও যিশুকে ভালবাসবে। ফাদার প্রদীপ যোসেফ কস্তা শিশুদের প্রার্থনা শিক্ষা ও গির্জায় প্রতিনিয়ত উপস্থিত থাকার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দান করেন। এছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us: