সংবাদদাতা: অ্যান্থনি সজীব কুলেন্তুনু (ক্যাম্পাস প্রতিনিধি)
সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা।অত্র প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ শাখা পর্যায়ক্রমে এই অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ অক্টোবর আয়োজনের প্রথম দিনে প্রাথমিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: হেলাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: শওকত আলম রতনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিন বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপনসহ নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীরা নজরুল সংগীত এবং নজরুল সঙ্গীতের উপর নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই সাথে ছড়া গান আবৃত্তি ও দেশাত্মবোধক গানসহ আরো বেশ কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
১৪ অক্টোবর সকাল থেকেই অত্র প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ।
এদিন আবৃত্তি, গান, নৃত্য, চিত্রাংকন এবং বিজ্ঞান ও কৃষি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনসহ আরো বেশ কয়েকটি ইভেন্টে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর শেষদিনে কলেজ শাখার শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। এইদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক জনাব সুমনি আক্তার। সেই সাথে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব জুবায়ের জাহাঙ্গীরসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে শিক্ষার্থীরা যেন সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে আশা ব্যক্ত করে দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি বিজ্ঞানমেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন।
প্রধান অতিথির আগমন এর পূর্বে প্রথমেই শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষকদের সম্মাননা প্রদান এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুল সংগীতের উপর নৃত্য,নজরুল সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, ইংরেজি বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
এরপর শিক্ষকদের উপহার প্রদান এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




