ফাদার শেখর ফ্রান্সিস কস্তা
রাজশাহীর সুরশুনিপাড়াস্থ প্রভু নিবেদন ধর্মপল্লীতে খ্রিস্টিয় আদর্শে সুসংগঠিত ও দায়িত্বশীল পরিবার গঠনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রাক-বিবাহ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে ৬৮ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম দিনে অংশগ্রহণকারীদের আগমন, রেজিস্ট্রেশন এবং পরিচিতি ও দিকনির্দেশনামূলক সেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জীবনমুখী, পারিবারিক ও আধ্যাত্মিক বিষয়ে বিস্তারিত শিক্ষা প্রদান করা হয়। সঠিক পাত্র-পাত্রী মনোনয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও পারিবারিক রসায়ন বিষয়ে আলোচনা করেন ফাদার প্রদীপ কস্তা। এছাড়া বিবাহকে ঈশ্বরীয় আহ্বান হিসেবে দেখা এবং এর গুরুত্ব তুলে ধরেন ফাদার পল কস্তা। সাক্রামেন্ট বিষয়ে শিক্ষা দেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা।
পরিবারে অর্থ পরিচালনা, অর্থনৈতিক বাজেট প্রণয়ন ও আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষার উপায় বিষয়ে আলোচনা করেন মি. রমনী বেসরা। প্রাকৃতিক পরিবার পরিকল্পনা (Natural Family Planning – NFP) বিষয়ে অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন মিসেস ক্যারোলিনা মুর্মু।
এছাড়া প্রশিক্ষণে ক্যাথলিক ধর্মশিক্ষা, দীক্ষা প্রস্তুতি, রোজারিমালা প্রার্থনা ও খ্রিস্টযাগের প্রস্তুতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পাঠ প্রদান করা হয়। প্রতিদিনের তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা নৈশকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ-গান এবং দলগত প্রার্থনায় অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান ও বিদায় সংবর্ধনার মাধ্যমে সফলভাবে এই প্রাক-বিবাহ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।




