সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ

মুণ্ডমালা ধর্মপল্লীর অন্তর্গত কাজিপাড়া গ্রামে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়েছে নবান্ন উৎসব। ৯ অক্টোবর সকালে সবাই বাড়ি থেকে নিজ নিজ ফসল ও বিভিন্ন পিঠাপুলি নিয়ে খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল সি. গমেজ।

খ্রিস্টযাগের শুরুতেই শোভাযাত্রার মাধ্যমে খ্রিস্টভক্তগণ তাদের সোনালী ধান ও বিভিন্ন খাবার বেদীতে প্রভুর চরণে নিবেদন করেন। তাদের প্রত্যেকের হৃদয় নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠে।

উপদেশে ফাদার উজ্জ্বল গমেজ বলেন, নবান্ন উৎসব শুধু আনন্দের উৎসব নয়, এটি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সময়, কেননা এগুলো ঈশ্বরের দান। ঈশ্বর সূর্যের আলো, বৃষ্টি, মাটির ঊর্বরতা ও বীজের বৃদ্ধি ঘটিয়ে তার ভালবাসার ফসল ফলিয়ে দেন। তাই নবান্নের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের প্রতিবেশী, দরিদ্র ও অসহায় মানুষদের সঙ্গে নতুন ফসলের আনন্দ ভাগ করে নিই।

খ্রিস্টযাগে নতুন খাদ্যশস্য আশীর্বাদ এবং খ্রিস্টযাগ শেষে সকলের মাঝে সকলের আনা পিঠা বিতরণ করা হয়।

Please follow and like us: