সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা

শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মিলিত প্রয়াসকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ১০ নভেম্বর নবাই বটতলা সেন্ট যোযেফস্ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এবং সভাপতি হিসেবে ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিভা ও বিভিন্ন বিষয়ে দক্ষতা দেখে প্রধান অতিথি জনাব ইসরাত জাহান মুগ্ধতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুত করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি ড. আরোক টপ্য তাঁর বক্তব্যে আদিবাসীদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার বিভিন্ন কারণ তুলে ধরেন এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অভিভাবক দিবসের এই আয়োজনে উপস্থিত অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

Please follow and like us: