বরেন্দ্রদূত সংবাদদাতা

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য খ্রিস্টধর্ম বিষয়ক সেমিনার। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে শহরের বিভিন্ন হোস্টেল ও ধর্মপল্লী থেকে ২৭৮ জন অংশগ্রহণ করে। ধর্মশিক্ষার পাশাপাশি সেমিনারে আরো ছিলো আগমনকালীন আধ্যাত্মিক বিষয়ক সেমিনার।

আগমনকালীন বিষয়ে আলোচনা করেন ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ। তিনি বলেন, কাথলিক মণ্ডলীতে পাপস্বীকার হলো আমাদের জন্য আধ্যাত্মিক প্রস্তুতির একটি অন্যতম সুযোগ; যার মাধ্যমে আমরা নিজেদের আধ্যাত্মিকভাবে যিশুর আগমনের জন্য প্রস্তুত করতে পারি। অনুষ্ঠানের মধ্যে এরপর ছিলো পাপস্বীকার সংস্কার এবং পবিত্র খ্রিস্টযাগ। খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস গমেজ। খ্রিস্টযাগের পর কীর্তন ও বিভিন্ন ধরণের খেলাধূলারও আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী রিমা বিশ্বাস বলে, এ ধরণের সেমিনার আসলেই আমাদের জন্য খুবই প্রয়োজন এবং যুগোপোযোগী। কারণ বর্তমানে আমাদের যুবক-যুবতীদের যদি ঠিকমতো শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে; তাই যুব কমিশনের এ ধরণের আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং আমাদের যুবসমাজ কৃতজ্ঞ।

Please follow and like us: