সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু

রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আয়োজনে মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার এবং বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি। ১২ ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, কমিশনের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা, অন্যান্য ফাদার এবং ১৮০ জন দম্পতি।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফাদার বার্ণার্ড রোজারিও। এরপর ফাদার পল কস্তা “পরিবার ও জীবন” বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, পরিবার হলো এমন একটি বন্ধন, যেখানে ভালোবাসা, দায়িত্ব, যত্ন ও বিশ্বাস একসাথে থাকে। রক্তের সম্পর্ক হোক বা হৃদয়ের সম্পর্ক, পরিবার মানুষকে নিরাপত্তা, পরিচয় এবং জীবনের কঠিন সময়ে আশ্রয় দেয়। আর জীবন হলো সংগ্রাম, অভিজ্ঞতা, অনুভূতি ও আনন্দের সমষ্টি। জীবন শুধু বেঁচে থাকা নয়; ভালোভাবে অর্থপূর্ণভাবে বেঁচে থাকাই জীবন।

বেনেডিক্ট মুরমু পরিবারের অভিজ্ঞতা সহভাগিতায় বলেন, জীবনে চলার পথে বিপদ আসবে। কিন্তু সেই বিপদ দেখে যেন পিছুপা না হই। ফাদার প্রদীপ কস্তা বলেন, জুবিলীবর্ষে আমরা যেন পরস্পরের হাত ধরে পরিবারকে সম্মিলিতভাবে এগিয়ে নিই।
পরিশেষে পাপস্বীকার সংস্কার ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে অর্ধদিবসব্যাপী দম্পত্তি সেমিনার ও বড়দিনের প্রস্তুতি সমাপ্ত হয়।

Please follow and like us: