সংবাদদাতা: ফাদার অনিল ইগ্নেসিউস মারাণ্ডী

পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরের অধীনস্থ ভুগরইল গ্রামে ধর্মপল্লীর আয়োজনে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় হলি ক্রস ফ্যামিলি ও রোজারী মিনিস্ট্রি’র সহযোগিতায় পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর পাল পুরোহিত, সহকারী পাল পুরোহিতসহ ৩ জন ফাদার, ৩ জন সিস্টার, গ্রামের মহিলা-পুরুষ, যুবক- যুবতী ও ছোট ছেলেমেয়েসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারের মূলভাব ছিল, “এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি”। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেমিনারে শুরুতে ছিল মা মারীয়ার প্রতিমূর্তি নিয়ে শোভাযাত্রা। এরপর সেমিনারে সিস্টার বিনু পালমা, এলএইচসি মূলবিষয়ের উপর আলোচনা করেন। সিস্টার বলেন, আমরা জপমালা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সকল চাওয়া-পাওয়া, ভক্তি বিশ্বাস ও শ্রদ্ধা নিবেদন মা মারীয়ার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে তুলে ধরি।

পবিত্র খ্রিস্টযাগের উপদেশে ফাদার পর পিটার কস্তা মা মারীয়ার বিভিন্ন জায়গায় দর্শনের কথা বলেন। ফাদার বলেন, মারীয়া দর্শনদানের সময় পাপীদের মন পরিবর্তন, পৃথিবীতে শান্তি ও মধ্যস্থানের আত্মাদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে বলেন।
অংশগ্রহণকারী অঞ্জলী বিশ্বাস বলেন, আমাদের গির্জায় মা মারীয়ার প্রতিমূর্তি দেওয়া হলো; আর এই জন্য আমি অনেক খুশি ও কৃতজ্ঞ। মা মারীয়া আমার পরিবারকে সবসময় বিপদ-আপদ ও সংকটময় মুর্হূত থেকে রক্ষা করেছেন আর আজ থেকে অন্যদেরও প্রতিদিন জপমালা প্রার্থনা করতে উৎসাহ ও অনুপ্রেরণা দিবো।

খ্রিস্টযাগের পর অংশগ্রহণকারীদের ক্যালেণ্ডার ও রোজারীমালা প্রদান করা হয়।

 

Please follow and like us: