সংবাদদাতা: রনি রোজারিও

খ্রিস্টবিশ্বাসে আমরা সকলেই দীক্ষিত হয়েছি। দীক্ষিত খ্রিস্টবিশ্বাসী হিসেবে আমরা প্রত্যেকেই খ্রিস্টবাণী প্রচারে প্রেরিত হয়েছি। নিজ নিজ পরিবার, সমাজ ও ধর্মপল্লীতে আদর্শ খ্রিস্টিয় জীবন যাপন করে নিজ নিজ জীবনাদর্শ দিয়ে খ্রিস্টিয় মূল্যবোধ ও ভালবসার বাণী সকলের কাছে প্রচার করাই আমাদের প্রধান দায়িত্ব। ১০ জুলাই বোর্ণী ধর্মপল্লীতে আয়োজিত বার্ষিক পালকীয় সম্মেলনে মূলসুরের আলোকে ফাদার পিউস নিকো গমেজ এই কথা বলেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ মহোদয়ের পালকীয় পত্র- ২০২৬ এর আলোকে উক্ত পালকীয় সম্মেলনের মূলসুর ছিল: “খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: হায়রে আমি মঙ্গলসমাচার যদি না প্রচার করি”। সম্মেলনে বিভিন্ন গ্রাম থেকে আগত ১৪৫ জন অংশগ্রহণ করেন।

উদ্বোধন প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী নৃত্যের পর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্যের পর ফাদার পিউস নিকো গমেজ মূলসুুরের আলোকে কথা বলেন। এরপর বিশপ মহোদয়ের পালকীয় পত্র ও ধর্মপল্লীর বাস্তবতার আলোকে কয়েকটি বিষয় নিয়ে অংশগ্রহণকারীগণ পাঁচটি দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন। দলীয় আলোচনায় পরিবার, সমাজ ও ধর্মপল্লীতে আদর্শ খ্রিস্টিয় জীবন যাপন এবং বাণীপ্রচারসহ বিভিন্ন বাস্তব বিষয়াদি সম্পর্কে আলোকপাত করা হয়।

দলীয় আলোচনার পর প্রত্যেকটি দল তাদের আলোচনার সার-সংক্ষেপ উপস্থাপন করে। এরপর উন্মুক্ত আলোচনায় ধর্মপল্লী ও মণ্ডলীর কাজে সক্রিয় অংশগ্রহণ, আদর্শ পরিবার ও সমাজ গঠন, পরস্পরের কাছে পুনরায় মঙ্গলবাণী ঘোষণা এবং বাস্তব জীবনাদর্শ দিয়ে অখ্রিস্টান ভাই-বোনদের মাঝে খ্রিস্টের ভালবাসার বাণীপ্রচারসহ বিভিন্ন বিষয়াদি উঠে আসে। উন্মুক্ত আলোচনা পর পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

Please follow and like us: