সংবাদদাতা: ফাদার লরেন্স বিশ্বাস
ডন বসকো স্ট্রস স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরহাটে উৎসাহ-উদ্দীপনা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে অভিভাবক দিবস ২০২৬। সন্তানদের জীবন গঠন ও ভবিষ্যৎ বিনির্মাণে বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানকে সম্মান জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
৫ নভেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন, বিশেষ অতিথি নওগাঁর বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার দানিলো গোমেজ, এসডিবি, প্রতিষ্ঠান পরিচালক ফাদার জোসেফ ফাম, এসডিবি, অধ্যক্ষ ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি এবং অভিভাবকবৃন্দ।
মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ফাদার জোসেফ ফাম, এসডিবি স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি অভিভাবকদের আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সুদৃঢ় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
এরপর স্কুল ক্যাপ্টেন মুসফারা মুশাব্বা প্রোতৃষি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফায়াত মোত্তাকি শিহরনের হৃদয়স্পর্শী বক্তব্য। তার সরল ও নিষ্পাপ কথাগুলো উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
বিশেষ অতিথি ফাদার দানিলো গোমেজ এবং প্রধান অতিথি মো. ইয়াসিন তাঁদের বক্তব্যে সন্তানদের জীবনে অভিভাবকদের দিকনির্দেশনা, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং শিশুদের সুন্দর চরিত্র গঠন ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের যৌথ দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।




