সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
মুণ্ডুমালা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে কারাতে প্রশিক্ষণের চূড়ান্ত প্রদর্শনী। ১২ মে অনুষ্ঠিত প্রদর্শনীতে মাহালীপাড়ার ২০জন মেয়ে অংশগ্রহণ করে। এ প্রদর্শনীর জন্য পূর্বে দুই বছর যাবৎ তারা ওয়ার্ল্ড ভিশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে আসছিল।
ওয়ার্ল্ড ভিশনের ঢাকা ন্যাশনাল অফিস ও তানোর থানা এরিয়া অফিসের কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে প্রশিক্ষণার্থীগণ জীবনরক্ষার নিমিত্তে যে সকল কৌশল রপ্ত করেছে তা প্রদর্শন করে। কর্মকতাগণ সেগুলোর ভিডিও চিত্র ধারণ এবং তাদের প্রশংসা করেন। এ প্রদর্শনী পরিচালনা করেন দলনেতা রিংকী হেম্ব্রম।
সাক্ষাৎকারে দলনেতা রিংকী হেম্ব্রম বলেন, আমি ও আমার দল এ ধরনের প্রশিক্ষণ নিতে পেরে অনেক উপকৃত হয়েছি। যে কোন বিপদ আপদ থেকে জীবনরক্ষা করার কৌশল শিখেছি। আমরা এখন আর বাইরে যেতে ভয় করি না। আমরা প্রতিনিয়ত চর্চা করছি এবং স্কুলে অন্যান্য মেয়েদেরকেও প্রশিক্ষণ দিচ্ছি এবং সব সময় তা দিয়ে যাব। তিনি এ সুযোগ দানের জন্য ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্নাড টুডু বলেন, ছেলে-মেয়েদের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য ধর্মপল্লী বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ছেলে-মেয়েদের এ সুযোগগুলো গ্রহণ করতে হবে এবং সার্বিকভাবে বিকশিত হয়ে উঠতে হবে।
পরিশেষে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ মিশন প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দেওয়ায় পাল পুরোহিতকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।




