সংবাদদাতা: ব্লেইজ অর্ণেট পেরেরা

উত্তরবঙ্গ খ্রিস্টান যুব সংঘ কর্তৃক আয়োজিত উত্তরবঙ্গ খ্রিস্টান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ জুন ঢাকার পূর্বাচলের ২২ নম্বর সেক্টরের শিয়ালবাড়ি মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে রাজশাহী ধর্মপ্রদেশের ভবানীপুর, বনপাড়া, বোর্ণী, মথুরাপুর ও ফৈলজানা ধর্মপল্লী। ১৯ জুন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিটি ধর্মপল্লী একে অপরের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পায় এবং সর্বোচ্চ ম্যাচ জয়ী দল ফাইনালের জন্য নির্বাচিত হয়।

২০ জুন বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় বনপাড়া ব্রাদার্স ও বোর্ণী ইউনাইটেড।প্রথমে ব্যাট করে বোর্ণী ইউনাইটেড ১০ ওভারে ৬৪ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে দূর্দান্ত ও চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বনপাড়া ব্রাদার্স ফাইনাল ম্যাচে বিজয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন মাইকেল গোমেজ, প্রেসিডেন্ট, ঢাকা ক্রেডিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপন রোজারিও, ভাইস প্রেসিডেন্ট; মার্সেল ডি’কস্তা, চেয়ারম্যান, উত্তরবঙ্গ খ্রিস্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ; ডন অধিকারী, ডিরেক্টর, ঢাকা ক্রেডিট; রিপন সরদার, চেয়ারম্যান, নয়ানগর ক্রেডিট; মুক্ত পিউরিফিকেশন, চেয়ারম্যান, ঢাকাস্থ বনপাড়া ক্রেডিট; সুকুমার কোড়াইয়া, চেয়ারম্যান, ঢাকাস্থ বোর্ণী ক্রেডিট; এবং বাবলু ডেভিড গমেজ, চেয়ারম্যান, ঢাকাস্থ মথুরাপুর সমিতি।

প্রধান অতিথির বক্তব্যে জন মাইকেল গোমেজ বলেন, উত্তরবঙ্গ খ্রিস্টান যুব সংঘের উদ্যোগে এমন সুন্দর একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এই সংঘ বাস্তব রূপ ধারণ করবে এবং শুধু রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়া নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষকে একটি বন্ধনে আবদ্ধ করবে।

বিশেষ অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি উত্তরবঙ্গের যুবসমাজকে ঐক্যবদ্ধ করার একটি মহৎ প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে তারা পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী দল, রানার্সআপ দল, ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

 

Please follow and like us: