সংবাদদাতা: শর্মী কস্তা
কারিতাস রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের নবাভিষিক্ত বিশপ পল গমেজের সংবর্ধনা অনুষ্ঠান| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও কারিতাস রাজশাহী অঞ্চলের চ্যাপলেইন ফাদার ফাবিয়ান মারাণ্ডী, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. অরোক টপ্য এবং কারিতাসের কর্মকর্তাগণ। ২৩ জুলাই নাচ ও গানের মধ্য দিয়ে কারিতাস রাজশাহী অফিসে বিশপকে বরণ করে নেওয়া হয়।
বিশপ মহোদয়ের বিষয়ে স্মৃতিচারণ করেন র্যান্সি রুথ হাঁসদা| তিনি বলেন, বিশপ পল গমেজের আধ্যাত্মিক জ্ঞান, ভরাট কণ্ঠস্বর ও নিয়মানুবর্তিতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এস.এম. জিল্লুর রহমান বিশপের কারিতাসের সাথে নিবিড় সম্পর্ক এবং কারিতাসের বর্তমান কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, বিশপ মহোদয় অত্যন্ত জ্ঞানী ও সমৃদ্ধ একজন মানুষ। ঈশ্বরের ইচ্ছায় তিনি নতুন ধর্মপ্রদেশে বিশপ হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমরা সবসময় বিশপের দীর্ঘায়ু ও মঙ্গলকামনা করি। আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বিশপকে কারিতাস রাজশাহী অঞ্চল পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশপ পল গমেজ সবসময় কারিতাসের সাথে ছিলেন। জয়পুরহাট ধর্মপ্রদেশের যেকোন সহযোগিতায় কারিতাস রাজশাহী অঞ্চল পাশে থাকবে।
বিশপ পল গমেজ বলেন, অল্প সময়ের মধ্যে কারিতাস রাজশাহী অঞ্চল সংবর্ধনা জানিয়েছেন বিধায় ধন্যবাদ জানাই। কারিতাস রাজশাহী অঞ্চল আগের চাইতে অনেক ভালো কাজ করছে। আমরা আশা করি- সামনের দিনে আরো এগিয়ে যাবে এবং ধারাবাহিক সফলতা ধরে রাখবে। তিনি আরো বলেন, জয়পুরহাট একটি নতুন ধর্মপ্রদেশ; এখানে অনেক কাজ করতে হবে। তাই সবার সহযোগীতা প্রয়োজন।




