সংবাদদাতা: ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি

বার্ষিক পালকীয় সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে মারিয়া আমাদের সহায় ধর্মপল্লী, খঞ্জনপুরে প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মপল্লীর পালকীয় কার্যাবলীতে খ্রিস্টভক্তদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ধর্মপল্লীর ৬৫ জন এই সেমিনারে অংশগ্রহণ করেন।

২৪ জুলাই খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়।  খিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার লরেন্স বিশ্বাস, এসডিবি এবং ফাদার জোসেফ ফাম, এসডিবি উপস্থিত ছিলেন। ফাদার লরেন্স উপদেশে “সিনোডালিটি” বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন যে, একটি অংশগ্রহণমূলক, প্রেরণধর্মী ও প্রাণবন্ত মণ্ডলী গড়ে তোলার দায়িত্ব সকল বিশ্বাসীর। তিনি সবাইকে ঐক্যের চেতনায় একসঙ্গে কাজ করার এবং মণ্ডলী ও ধর্মপল্লীর পালকীয় জীবন বিকাশে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে মি. ডেনিশ টপ্পো “হায়রে আমি- যদি সুসমাচার প্রচার না করি” বিষয়ের ওপর অনুপ্রেরণামূলক কথা বলেন। তিনি বলেন, সুসমাচার প্রচার করা প্রত্যেক দীক্ষাপ্রাপ্ত খ্রিস্টানের মৌলিক আহ্বান ও দায়িত্ব। তিনি অংশগ্রহণকারীদের পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে খ্রিস্টের সাহসী সাক্ষী হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন।

এরপর অংশগ্রহণকারীদের কয়েকটি দলে বিভক্ত করে দলীয় আলোচনার আয়োজন করা হয়। প্রতিটি দল সেমিনারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে এবং ধর্মপল্লীর পালকীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ উপস্থাপন করে। পরবর্তী সাধারণ অধিবেশনে দলগুলোর সুপারিশ উপস্থাপিত হয়, যা অংশগ্রহণকারীদের সহযোগিতার মনোভাব, যৌথ দায়িত্ববোধ এবং ধর্মপল্লীর প্রতি দৃঢ় অঙ্গীকারের পরিচয় বহন করে।

 

Please follow and like us: