সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে সুরশুনিপাড়া প্রভু নিবেদন অনুষ্ঠিত হয়েছে ওয়াইসিএস সেমিনার। ‘যিশু খ্রিস্টের সাথে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রা’ মূলভাবকে কেন্দ্র করে ১ আগষ্ট এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ২৩৪ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে।
পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে সেমিনার শুরু হয়। খ্রিস্টযাগ শেষে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ যোসেফ কস্তা আনুষ্ঠানিকভাবে সেমিনারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় বিষয়ভিত্তিক ক্লাস। প্রথম সেশনে নিকোলাস মুর্মু উপস্থিত যুবদের উদ্দেশ্যে নৈতিক ও মাণ্ডলিক শিক্ষার ওপর ক্লাস প্রদান করেন। এরপর ফাদার শ্যামল জেমস গমেজ সেমিনারের মূলভাবের ওপর কথা বলেন।
অংশগ্রহণকারীদের মনোযোগ ও মেধা যাচাইয়ের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




