বরেন্দ্রদূত সংবাদদাতা

রাজশাহী ধর্মপ্রদেশের বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দক্ষিণ ভিকারিয়ার পালকীয় কর্মশালা। ২৮ আগষ্ট অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, ধর্মপ্রদেশেীয় পালকীয় সেবাদলের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, দক্ষিণ ভিকারিয়ার আহ্বায়ক ফাদার শৈবাল রোজারিওসহ বিভিন্ন ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্ত প্রতিনিধিগণ। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে বিশপ বলেন, দীক্ষাস্থানের গুণে আমরা প্রেরিত। আর এই প্রেরণ হচ্ছে খ্রিস্টকে অন্যের মাঝে প্রচারের নিমিত্তে। প্রচারের দায়িত্ব আমাদের নৈতিক কাজ বলেই গ্রহণ করে নিতে হবে। দক্ষিণ ভিকারিয়ার বাঙ্গালী অধ্যূষিত এলাকায় নতুন করে বাণীপ্রচারের জায়গা নেই; তবে নিজেদের পরিবার ও সমাজে বাণীপ্রচার করতে হবে। আমাদের দেখে অন্য ধর্মের মানুষজন যদি ভালো বলে তাহলে সেটাই খ্রিস্টকে প্রচার করা।

বিশপ মহোদয়ের পালকীয় পত্রের তিনটি প্রশ্নের  আলোকে তিনজন বক্তা আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের আলোচনার প্রেক্ষিতে তিনজন করে মোট ৯ জন তাদের অনুভূতি সহভাগিতা করেন।

ফাদার ফাবিয়ান মার্ডী বলেন,  দীক্ষাগ্রহণের মধ্য দিয়ে  আমরা সবাই বাণীপ্রচারের দায়িত্ব লাভ করেছি। পোপ ফ্রান্সিস তাঁর পত্রে বলেছেন, খ্রিস্টে দীক্ষিত বলে আমরা শুধু যিশুর শিষ্য নই আমরা প্রেরিত। কাথলিক মণ্ডলীর  ধর্মশিক্ষা ও দ্বিতীয় ভাতিকান মহাসভায় বাণীপ্রচারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো বাণীপ্রচার।

সবিতা মারান্ডী দ্বিতীয় প্রশ্নের আলোকে আলোচনায় বলেন, পরিবারে বাণী প্রচারের জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে।  আগে আমাদের প্রত্যেক পরিবারে রোজারিমালা প্রার্থনা হতো কিন্তু বর্তমানে তা হারিয়ে যাচ্ছে তাই আমাদের পরিবার থেকে বাণীপ্রচার শুরু করতে হবে।  আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাণীপ্রচার করতে পারি।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য তৃতীয় প্রশ্নের আলোকে বলেন, আমাদের সিনোডীয় পদ্ধতিতে সবাইকে সুযোগ প্রদান করতে হবে।  আমরা অনেক সময় ঈশ্বরকে ভুলে যাই তাই সর্বপ্রথম তার কাছে ফিরে আসতে হবে এবং নবরূপে বাণীপ্রচারের কাজ করতে হবে।

অংশগ্রহণকারী ইগ্নাসিউস গমেজ বলেন, আমরা নতুনভাবে বাণীপ্রচারের কাজ আমাদের পরিবার ও সমাজ থেকে শুরু করব তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। পরিশেষে দক্ষিণ ভিকারিয়ার আহ্বায়ক ফাদার শৈবাল রোজারিও‘র ধন্যবাদমূলক বক্তব্যের মধ্য দিয়ে পালকীয় কর্মশালা সমাপ্ত হয়।

 

Please follow and like us: