সংবাদদাতা: ফাদার উজ্জ্বল কনস্টানটাইন গমেজ
“যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রাপথ” মূলসুরের ওপর মুণ্ডুমালা ধর্মপল্লীতে পালিত হলো দিনব্যাপী ওয়াই.সি.এস. দিবস। এতে ৭৩জন ছেলে-মেয়ে, ২জন এনিমেটর, ফাদার-সিস্টারসহ মোট ৮৫জন উপস্থিত ছিল।
২৬ আগস্ট রেজিষ্ট্রেশন, উদ্বোধন প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, নৃত্য ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। মূলসুরের উপর আলোচনা করেন ফাদার উজ্জ্বল গমেজ। তিনি বলেন- ওয়াই.সি.এস. হলো ছাত্র-ছাত্রীদের নিয়ে, তাদের দ্বারা, তাদের জন্য পরিচালিত খ্রিস্টবিশ্বাসের চেতনামূলক একটি আন্দোলন। নতুন মানুষ হয়ে নতুন পৃথিবী গড়ে তোলার কার্যক্রম। এছাড়াও তিনি ওয়াই.সি.এস. এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ছাত্র-ছাত্রীরা কিভাবে পরিবারে, সমাজে, দেশে নিজেরা সুস্থবিকাশ ও সার্বিক উন্নয়ন করতে পারে এবং তারা কিভাবে দল গঠন করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারে, কোন্ কোন্ উপায়ে কার্যক্রম হাতে নিতে পারে এবং এগিয়ে যেতে পারে সে সম্পর্কেও আলোকপাত করেন। সিস্টার এলিজাবেথ তপ্ন যুব নৈতিকতা ও আধ্যাত্নিকতা সম্পর্কে তাদেরকে আলোকিত করেন।
এরপর খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার বার্ণাড টুডু। তিনি সবাইকে ওয়াই.সি.এস. এর স্পিরিট ধরে রাখার আহ্বান জানান। খ্রিস্টযাগের পরে দলীয় আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের ও গ্রামের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ বের করে আনেন। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপন।




