‘অভিবাসন শতবর্ষ’ পূর্তি
(প্রেক্ষাপট: বনপাড়া ধর্মপল্লী ১৯২৬-২০২৬)

সুখ-সমৃদ্ধির কথা ভেবে
অভিবাসন যাত্রা শুরু
গাজীপুর ভাওয়াল অঞ্চল হতে
পাবনা-নাটোরের বনপাড়ার বন-ভূমিতে।

ধর্ম-কর্ম আর সততাকে সম্বল করে
এগিয়ে চলা; কৃষি কর্মের সাথে সখ্যতা গড়ে,
দিন-মান, কাজ আর কাজ; ধর্ম আর কর্ম যজ্ঞে
নতুন বসতি, নতুন জীবনের শুভ সূচনা।

স্থানীয় মানুষের সাথে বন্ধুত্বের বন্ধনে
আত্মীয়তার নিবিড় ভালবাসা,
দেয়া-নেওয়া, ভাব-বিনিময়ে
জীবনের নবযাত্রা; নবসূর্য উদয়ে।

বন-জঙ্গলের তমসার মাঠে
নতুন বসতঘর গেরস্থলির সাথে,
কঠোর পরিশ্রম আর ধার্মিকতার আবরণে
জীবনের সুখ-স্বপ্ন উঁকি দেয় হৃদয় কোণে।

শত বছরের অভিবাসন পূর্তিতে
কত-শত কথা, অভিজ্ঞতা,
স্বপ্ন জেগে আছে মনোলোকে
ধন্যবাদ, কৃতজ্ঞতা-অনুগ্রহ প্রভু শুধু তোমাতেই।

Please follow and like us: