সংবাদদাতা: টমাস রোজারিও
সাধু পিতর সেমিনারিতে নতুন আধ্যাত্মিক পরিচালক ফাদার উজ্জ্বল বেনেডিক্ট গ্রেগরীকে বরণ করা হয়। ১ সেপ্টেম্বর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার সুব্রত পিউরীফিকেশন, ফাদার বিশ্বনাথ মারান্ডী, ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার দানিয়েল মুর্মু ও তিনজন সিস্টারসহ দশ জন সেমিনারিয়ান।
শুরুতে বিশপ ও নবাগত আধ্যাত্মিক পরিচালককে সাঁন্তালী কৃষ্টিতে পা-ধুয়ানোর মাধ্যমে বরণ করা হয়। এরপর নতুন আধ্যাত্মিক পরিচালকের জন্য প্রস্তুতকৃত গৃহ আশীর্বাদ ও পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগে পৌরহিত করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগের পরে অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে বিশপ জের্ভাস রোজারিও ফাদার উজ্জ্বল গ্রেগরীকে আধ্যাত্মিক পরিচালকের দায়িত্বভার তুলে দেন।
বিশপ তাঁর বক্তব্যে বলেন, একজন আধ্যাত্মিক পরিচালক হলেন পথ প্রদর্শক, যিনি সেমিনারিয়ানদের হাত ধরে জীবন পথে এগিয়ে যেতে সাহায্য করেন। নবাগত আধ্যাত্মিক পরিচালক তাঁর প্রার্থনা ও জীবনাদর্শ দিয়ে সেমিনারিয়ানদের আধ্যাত্মিক গঠনে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।




