সংবাদদাতা: সিস্টার রুলিতা খালকো, এসসি
বোর্ণী মিশনের অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বিশ্বস্ত, নিবেদিতপ্রাণ সহকারী প্রধান শিক্ষক মার্টিন রড্রিক্স স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর উৎসাহ-উদ্দীপনা, ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বিদায় সংবর্ধনা। বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার দিলীপ এস. কস্তা।
দিনের শুরুতে সম্মানিত স্যার ও তাঁর পরিবারের সদস্যদের ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া প্রদান করে নৃত্যসহযোগে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বরণ করে মঞ্চে নিয়ে যাওয়া হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও আসন গ্রহণের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, “সুদীর্ঘ ৩৯ বছর ৬ মাস ৬ দিন সম্মানিত মার্টিন রড্রিক্স স্যার সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে শিক্ষাসেবা দিয়ে অবসর গ্রহণ করেছেন। তাঁর এই অবদানের জন্য আজ আমরা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করি।” স্বাগত বক্তব্য ও মনোজ্ঞ উদ্বোধনী নৃত্যের পর সভাপতির বক্তব্যে ফাদার বাবলু কোড়াইয়া বলেন, “মার্টিন রড্রিক্স স্যারের অবদানের কথা আমরা কেউ কোনোদিন ভুলব না। তিনি সব সময় বিশ্বস্ততার সাথে শিক্ষার্থীদের কল্যাণে সেবাদায়িত্ব পালন করেছেন।”
প্রধান অতিথি ফাদার দিলীপ এস. কস্তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “মার্টিন স্যার শিক্ষকতা পেশাকে ভালোবেসে তাঁর পুরো জীবন নিবেদন করেছেন। সুন্দর পরিবার গঠনের পাশাপাশি তিনি পরিবার, সমাজ, স্কুল ও ধর্মপল্লীতে সারা জীবন বহু সেবা দিয়ে গেছেন।” নিজের অনুভূতি প্রকাশ করে আবেগাপ্লুত বিদায়ী শিক্ষক মার্টিন রড্রিক্স বলেন, “দীর্ঘ ৩৯ বছরেরও বেশি সময় এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। আপনারা আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ; আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
বক্তব্য পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী সঙ্গীত পরিবেশন এবং মার্টিন স্যারের হাতে প্রীতি উপহার ও স্মারক তুলে দেওয়া হয়।




