সংবাদদাতা: ফাদার মাইকেল হেম্ব্রম
সৃষ্টিকর্তার অপার সৃষ্টি ও পৃথিবীর পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ সেপ্টেম্বর সুরশুনিপাড়া ধর্মপল্লীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “সৃষ্টি উদযাপন রবিবার”। খ্রিস্টযাগের শুরুতে সৃষ্টির প্রতীক হিসেবে গাছের চারা নিয়ে শোভাযাত্রা করা হয়। এর মধ্য দিয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান তুলে ধরা হয়।
খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রদীপ জে. কস্তা। উপদেশে তিনি সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ঈশ্বর আমাদের যে সুন্দর পৃথিবী দিয়েছেন, তা ভোগ করার পাশাপাশি এর যত্ন নেওয়া ও সংরক্ষণ করা আমাদের নৈতিক ও খ্রিস্টিয় দায়িত্ব। তিনি আরও বলেন, “আমরা যেন সৃষ্টির যত্ন নিই। এই সৃষ্টির যত্ন নিলে আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। তাই পৃথিবীর প্রতি আমরা যেন স্বার্থপর আচরণ না করি; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারি- এই প্রচেষ্টা আমাদের সবাইকে একসঙ্গে করতে হবে।”
সৃষ্টি উদযাপন রবিবার উপলক্ষে ধর্মপল্লীর শিশু-কিশোর, যুবক-যুবতী ও অন্যান্য সদস্যদের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। দিবসটির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বৃক্ষ রোপণ করা হয়।





