সংবাদদাতা: শর্মী কস্তা
পরিবেশ সুরক্ষা, সৃষ্টিজগতের যত্ন এবং সম্মিলিতভাবে পৃথিবীকে বাসযোগ্য রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কারিতাস রাজশাহী অঞ্চলে পালন করা হয়েছে ‘সৃষ্টি উদযাপন দিবস’। ৬ সেপ্টেম্বর কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বলা হয়, ২০১৫ খ্রিস্টাব্দে পোপ ফ্রান্সিস তাঁর ঐতিহাসিক প্রৈরিতিকপত্র ‘লাউদাতো সি’ এর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে পৃথিবীর যত্ন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। পৃথিবী আমাদের মায়ের মতো। তাই মাকে ভালোবাসার মতোই পৃথিবীকে ভালোবাসা, রক্ষা করা এবং যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, পরিবেশ রক্ষা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের একক দায়িত্ব নয়; এটি সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। হিন্দু, মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
কর্মসূচিতে পবিত্র বাইবেল, কোরআনসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষার আলোকে প্রকৃতি ও সৃষ্টিজগতের প্রতি মানুষের দায়িত্বের কথা তুলে ধরা হয়। এরপর পরিবেশ রক্ষায় অংশগ্রহণকারীরা ব্যক্তিগত অঙ্গীকার ব্যক্ত করেন। তারা প্লাস্টিকের ব্যবহার কমানো ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের পাশাপাশি অন্তত একটি গাছ লাগানো এবং নিয়মিত তার যত্ন নেওয়া, পানি-বিদ্যুৎ সাশ্রয় করা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রতিশ্রুতি দেন।
সৃষ্টি উদযাপন দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা হাতে হাত রেখে পরিবেশকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, সৃষ্টি উদযাপন দিবসের আয়োজন কেবল একটি দিনের কর্মসূচি নয়; পরিবেশ রক্ষার অঙ্গীকার সারা বছর এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করতে হবে। পরিবার, প্রতিবেশী ও কর্মক্ষেত্রে পরিবেশবান্ধব আচরণ চর্চার মাধ্যমে প্রত্যেকে পৃথিবীর সুরক্ষায় অবদান রাখতে পারেন।




