বরেন্দ্রদূত সংবাদদাতা

রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিশপ জের্ভাস রোজারিও ডিআইজির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় রাজশাহী ধর্মপ্রদেশের সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং সমাজের কল্যাণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ফাদার, ব্রাদার এবং সিস্টারগণও বিশপের সঙ্গে উপস্থিত ছিলেন। বিশপ জের্ভাস রোজারিও নবনিযুক্ত ডিআইজি মো. আশিক সাঈদকে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি একই সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বিশপ জের্ভাস।

শুভেচ্ছা প্রদানের জন্য ডিআইজি বিশপ জের্ভাস রোজারিওকে ধন্যবাদ জানান এবং রাজশাহী অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ভবিষ্যতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সার্বিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

 

Please follow and like us: