সংবাদদাতা: রীয়া কস্তা
কাজাগয়া হোস্টেলে পালন করা হয়েছে শিশু মারীয়ার জন্মদিন। এই অনুষ্ঠানে খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠানে কাজাগয়া হোস্টেলের মেয়েরা, বাম্বিনা সিস্টার সম্প্রদায়ের সিস্টার, শান্তিরাণী সিস্টারগণ এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগের শোভাযাত্রায় নয়টি মোমবাতি হাতে নয়জন ব্যক্তি অংশগ্রহণ করেন। এরপর নয়টি মোমবাতি প্রজ্বলন করা হয়। খ্রিস্টযাগে বিশপ জের্ভাস রোজারিও বলেন, মা মারীয়ার জন্ম মানব পরিত্রাণের ইতিহাসে ঈশ্বরের একটি পূর্ব পরিকল্পনা। ঈশ্বর মানবাকারে জন্ম নিবেন বলে মা মারীয়াকে বেছে নিয়েছেন। মা মারীয়া যিশুর মা এবং তিনি আমাদেরও মা। মা মারীয়াকে যে ডাকে না, সে অনাথ বা মায়ের স্নেহ থেকে বঞ্চিত।
খ্রিস্টযাগে শিশু মারীয়ার জন্মদিন উপলক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটি প্রার্থনা, ভালোবাসা, আনন্দ ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ ছিল।




