বরেন্দ্রদূত সংবাদদাতা
আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহী ধর্মপ্রদেশের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৬ সেপ্টেম্বর যাজকদের মাসিক নির্জনধ্যানে এই উৎসব পালন ও পোপ লিওর Magnifica Humanitas’ প্রৈরিতিকপত্রের বাংলা অনুবাদ ‘মানবতার মহিমা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও যাজকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্জনধ্যানের কনফারেন্সে ফাদার ফাবিয়ান মার্ডী রাজশাহী ধর্মপ্রদেশের ৩৬ বছরের পথচলা, মঙ্গলসমাচার প্রচার, মানুষের সেবায় অবদান ও ব্যর্থতা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, রাজশাহী ধর্মপ্রদেশের এই দীর্ঘ পথচলা ঈশ্বরের অনুগ্রহ, মিশনারী এবং দেশীয় যাজক, সিস্টার-ব্রাদার ও বিভিন্ন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম এবং খ্রিস্টবিশ্বাসীদের সহযোগিতার ফল। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং মঙ্গলসমাচার প্রচারের ক্ষেত্রে ধর্মপ্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।
বিশপ জের্ভাস রোজারিও তাঁর বক্তব্যে ধর্মপ্রদেশের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খ্রিস্টের ভালোবাসা ও সুসমাচারের বাণী মানুষের মাঝে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাস, নৈতিকতা ও মানবসেবার আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
একই সময়ে পোপ লিওর ‘Magnifica Humanitas’ প্রৈরিতিকপত্রের বাংলা অনুবাদ ‘মানবতার মহিমা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির বাংলা অনুবাদ করেন ফাদার সাগর কোড়াইয়া। তিনি বলেন, প্রৈরিতিক পত্রের মূল বক্তব্য হচ্ছে মানবমর্যাদা, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, শান্তি এবং সমাজের প্রান্তিক মানুষের প্রতি দায়িত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমান বিশ্বে মানবতার মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ভালোবাসা ও সংহতি প্রতিষ্ঠায় পোপের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশপ জের্ভাস রোজারিও প্রৈরিতিক পত্রটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দলিল শুধু খ্রিস্টবিশ্বাসীদের জন্য নয়; বরং মানবিক মূল্যবোধ, ন্যায় ও শান্তির পথে চলতে প্রত্যেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান।
রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিষ্ঠাবার্ষিকী ও বইয়ের মোড়ক উন্মোচনে যাজকবৃন্দ রাজশাহী ধর্মপ্রদেশের শান্তি, সমৃদ্ধি ও ভবিষ্যৎ মিশনের সফলতার জন্য প্রার্থনা করেন। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।





