মাটির ঘরে চির নিবাস

জগত সংসারে শত ব্যঞ্জনার আয়োজন
অর্থ-কড়ি, বাড়ী-গাড়ি, সহায়-সম্পত্তি
নাম-ঐশ্বর্য, যশ- খ্যাতি, সুনাম-প্রতিপত্তি
জীবনের কর্মযজ্ঞ ব্যস্ততার কর্মসূচির শেষে
‘মাটির ঘরে চির নিবাস’ সকলেরই জন্যে।

আরাম-আয়েশ, ভোগ-বিলাস
শত সহস্র পরিকল্পনার বর্ণিল রেখা চিত্তে
জীবনের অবস্থান বাস্তবতার সূচিপত্রে
সময়-স্থান-কালের ঊর্ধ্বগতির শেষ পথে
‘মাটির ঘরে চির নিবাস’ সকল কাজের অবসানে।

একাগ্র সাধন-ভজন প্রচেষ্টার যাত্রারথে
জীবনের উন্নয়ন অর্থ সম্পদের সমাহার দিকে দিকে
প্রয়োজনীয় নথিপত্র, সজ্জিত বুক-সেল্ফ-আলমারিতে
কত শত নকশা-নমুনা, পরিকল্পনার চিত্র
সবই থাকে নিথরভাবে ‘মাটির ঘরে চিরন্তন নিবাস’ যাত্রাপথে।

ধূলিসত্তা থেকে জাত, ধূলিসত্তায় গমন
তব কেন এত হাহুতাশ-অহমিকা পার্থিব জীবনের জন্য?
জীবন তরীর যাত্রাপথের শেষ নোঙ্গর তব ‘ন্যাযতা ও সৎ কর্মে’
সাধন-ভজন, নাম সংকীর্তন সবই পরম স্রষ্টার জন্য
‘মাটির ঘরে চির নিবাস’ অনন্ত লোকের মহাশয়ন কক্ষে।

 

Please follow and like us: