সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
জয়পুরহাট ধর্মপ্রদেশের চাঁদপুকুর ধর্মপল্লীতে জয়পুরহাট ধর্মপ্রদেশের যাজকবর্গের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন এক ঐতিহাসিক যাত্রা শুরুর এ প্রথম সভায় জয়পুরহাট ধর্মপ্রদেশের নবাভিষিক্ত বিশপ পল গমেজ এবং ধর্মপ্রদেশীয় ও বিভিন্ন ধর্মসংঘের ২০ জন যাজক উপস্থিত ছিলেন।
সকালে ফাদার মাইকেল হেম্ব্রমের প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে নবাভিষিক্ত বিশপ পল গমেজ সবাইকে শুভেচ্ছা জানান এবং উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশপ মহোদয় সভা পরিচালনার জন্য একজন মডারেটর ও সচিব নির্বাচনের আহ্বান জানান। সবাই নির্বাচনের পরিবর্তে মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ফাদার আন্তনী হাঁসদাকে মডারেটর এবং ফাদার যোহন মিন্টু রায়কে সচিব হিসেবে মনোনীত করেন। সভায় বিশপীয় অভিষেকের মূল্যায়ন, যাজকদের বদলী, দায়িত্ব প্রদান ও গ্রহণ, পালকীয় কর্মশালা ২০২৬ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিশেষে বিশপ পল গমেজ নতুন ধর্মপ্রদেশ গড়ে তোলার কাজে এবং পালকীয় যত্নে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে আহ্বান জানান।




