সংবাদদাতা: ফাদার সনেট কস্তা

বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যাণ্ডাল আন্ধারকোঠা ধর্মপল্লীতে পালকীয় সফর করেছেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এ সময় উপস্থিত ছিলেন। ৬ জুন ধর্মপল্লীর প্রধান ফটক থেকে আর্চবিশপ, বিশপ ও ফাদারগণকে নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফাদার বাড়ির সামনে আনা হয়। এরপর সাঁন্তালী নৃত্যের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও আদিবাসী কৃষ্টিতে পা ধোয়ানো এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

আর্চবিশপ ক্যাভিন র‌্যাণ্ডাল বক্তব্যে শান্তি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত সকলকে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান। বিশেষভাবে তিনি তরুণদের উদ্দেশে প্রশ্ন করেন, “তোমাদের মধ্যে কে কে প্রধানমন্ত্রী হতে চাও?” এরপর তিনি বলেন, যে কোনো বড় দায়িত্ব গ্রহণের জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হয়। তিনি চাবির উদাহরণ দিয়ে বলেন, “চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি সমাজ, পরিবার, দেশ ও ধর্মপল্লীর কল্যাণে অবদান রাখতে হলে নিজেকে যোগ্য ও প্রস্তুত করে তুলতে হবে।”

আর্চবিশপ আন্ধারকোঠা গির্জা পরিদর্শন ও প্রার্থনা করেন। এরপর সিস্টারদের বাসভবন পরিদর্শন করে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please follow and like us: